ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নির্বাচন কমিশনকে নিরপেক্ষ না করলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়: নাহিদ ইসলাম

নির্বাচন কমিশনকে নিরপেক্ষ না করলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই  (১১ জুলাই) দুপুরে যশোর ঈদগাহ মোড়ে আয়োজিত জনতার দুয়ারে বিচার সংস্কার ও নতুন সংবিধানের লক্ষ্য শীর্ষক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, ‘এনসিপি বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারার সূচনা করতে চায়। একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে বাংলাদেশপন্থি রাজনীতি ও পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করবে। বিচার সংস্কার ও নতুন সংবিধানই হবে আমাদের আন্দোলনের ভিত্তি।’


নাহিদ ইসলাম বলেন, ‘গত ১৬ বছরে সবচেয়ে বেশি দলীয়করণ হয়েছে নির্বাচন কমিশনে। তিনটি জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। এই নির্বাচন কমিশনকে নিরপেক্ষ না করলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি হুঁশিয়ার করে বলেন, ‘গণঅভ্যুত্থানের পরও যদি নির্বাচন কমিশনের কাঠামোগত সংস্কার না হয়, তাহলে দেশের ভবিষ্যৎ অন্ধকার। তবে এই অন্ধকার আসতে দেয়া হবে না।’


নাহিদ ইসলাম বলেন, ‘কেউ কেউ দাবি করে তাদের কোটি কোটি সমর্থক। আমরা মাত্র ১০-২০ জন মানুষ নিয়ে হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলাম। সেই আন্দোলনে কোটি কোটি জনতা আমাদের সঙ্গে এসেছিল। তারাই আমাদের প্রকৃত শক্তি।’


তিনি আরও বলেন, ‘আমরা একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র চাই, যেখানে সবার অধিকার নিশ্চিত হবে, প্রশাসনে দলীয়করণ থাকবে না, বিচারব্যবস্থা হবে স্বাধীন। সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামীতে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে একটি বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে। এজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। নতুন রাজনীতির জন্য ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।’


সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, সংগঠক মো. আতাউল্লাহ, সাকিব শাহরিয়ার ও সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল।


এছাড়া এনসিপির যশোর জেলা নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। সমাবেশটি সঞ্চালনা করেন এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সংগঠক সারজিস ইসলাম। সভাস্থলে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হয়ে কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে।

ads
ads
ads

Our Facebook Page

↑